ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশের আউটার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বিভিন্ন ছিনতাইকারী চক্রের সদস্য।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে রেলওয়ে থানা পুলিশের একটি দল প্ল্যাটফর্ম ডিউটির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জনসম্মুখে গাঁজা সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার মো. সোহান (২১), একই এলাকার মো. সোহেল প্রকাশ রতন (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইসলামপুর বড় বাকাইল এলাকার মো. আশিক মিয়া (২২), উত্তর শেখপুর এলাকার মো. শাকিল (২২) এবং শেরপুর (সগিরাপাড়া) এলাকার মো. পারভেজ (৩০)।
পরে আদালত মো. সোহান ও মো. সোহেল প্রকাশ রতনকে এক বছর করে এবং মো. আশিক মিয়া, মো. শাকিল ও মো. পারভেজকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন ট্রেনে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com