‘বিট পুলিশিং, বাড়ি বাড়ি—নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে জনসচেতনতামূলক সভা ও মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার মসজিদপাড়া ঈদগাহ মাঠে আখাউড়া থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সহ-সভাপতি আবুল ফারুক বকুল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিশু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তুরাণ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
সভা শেষে মসজিদপাড়া ঈদগাহ মাঠের সামনে থেকে মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁচাবাজারের সামনে গিয়ে শেষ হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকসেবীদের পুনর্বাসন এবং জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বক্তারা বলেন, মাদক ব্যবসা, পাচার ও সেবনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com