ব্রেকিং

x

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | ১০:৪০ পিএম

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। একই ঘটনায় লাইনচ্যুতের কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।


শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করার পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেল সাড়ে ৪টার দিকে একটি উদ্ধারকারী ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে বিকল্প ব্যবস্থায় আপলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।

এ ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই রেলকর্মীরা ট্রলিটি উদ্ধারের কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করা হয়। এরপর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!