ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা উল্টে প্রাণ গেল কলেজছাত্রীর

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | ৯:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা উল্টে প্রাণ গেল কলেজছাত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে সুমাইয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা তার দুই সহপাঠী আহত হয়েছেন।


সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে নবীনগর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত সুমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রুয়াচালা গ্রামের মো. আমির হোসাইনের মেয়ে। তিনি নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বাবার ব্যবসার সূত্রে পরিবারের সঙ্গে নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

আহত দুই শিক্ষার্থী হলেন সুমাইয়ার সহপাঠী ইভা (১৭) ও মিথিলা (১৭)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সুমাইয়া ও তার দুই সহপাঠী ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন। পথে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মফিজুল ইসলাম খোকন নামের এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সড়ক পার হওয়ার সময় অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় সুমাইয়া অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. অংকন সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। আহত ইভা ও মিথিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগ ও সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!