ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামে একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাঘী গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রামের মাঠে কাজ করার সময় এক কৃষক ডোবার পানিতে কিছু একটা ভাসতে দেখেন। কাছে গিয়ে সেটি মানুষের অর্ধগলিত লাশ বুঝতে পেরে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে জানান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। পরে স্থানীয়রা নাসিরনগর থানায় খবর দেন।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। উদ্ধারের সময় লাশটি পচে শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে মাথা ও হাড় একত্র করে বস্তাবন্দি অবস্থায় থানায় নেওয়া হয়।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহান ই আলম জানান, লাশটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির বয়স ও পরিচয় নিশ্চিত করতে এবং মৃত্যুর কারণ জানতে লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে, জনবসতিপূর্ণ এলাকার কাছাকাছি ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় বাঘী, ভলাকুট ও চাতলপাড়সহ আশপাশের গ্রামগুলোতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই নিজেদের নিখোঁজ স্বজনদের কথা ভেবে উৎকণ্ঠায় রয়েছেন।
স্থানীয়দের মধ্যে ঘটনাটি হত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোথাও মৃত্যুর পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছে—তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে লাশটি কে বা কারা, কীভাবে সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এসআই জাহান ই আলম আরও জানান, লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দ্রুত লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com