ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজের সার্ভিস পিস্তলের গুলিতে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। তাঁর বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। তাঁরা এলে কথা বলে পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com