আখাউড়ায় অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম কালু (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের সাত পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম কালু আখাউড়া উপজেলার ধরখার এলাকার মৃত সেতু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সাইফুল ইসলাম নিজেই অটোরিকশা চালিয়ে তন্তর বাজার থেকে ধরখার বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সাত পুকুরপাড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের গ্লাস ভেঙে একটি অংশ তার গলায় ঢুকে যায়। এতে চালক সাইফুল গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রোকন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com