ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় জুঁথি আক্তার (২২) নামে এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাঁর স্বামী জাকির হোসেন ও দেড় বছর বয়সী সন্তান জায়ান আহমেদ আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুঁথি আক্তার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার মেয়ে। তিনি স্বামী ও সন্তানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিইউ অফিস এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী টি.এ পরিবহনের একটি বাস পীরবাড়ি এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা জুঁথি আক্তার, তাঁর স্বামী ও সন্তান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুঁথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও সন্তানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায়।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com