দায়িত্ব পালনে সাময়িকভাবে বিরত থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনকে স্বপদে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কার্যালয় থেকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে এ নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। তবে সোমবার (৫ অক্টোবর) পর্যন্ত চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন দায়িত্ব গ্রহণ করেননি।
৫ আগস্ট-পরবর্তী সময়ে তিনি আত্মগোপনে ছিলেন। পরে অভ্যুত্থান-পরবর্তী একটি মামলায় কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান।
এদিকে, চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে সোমবার দুপুর ১২টার দিকে দক্ষিণ ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও পরে তা বাতিল করা হয়। তবে নির্ধারিত সময়ে ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহনেওয়াজ খান বলেন, ‘জালাল পরিষদে আসবেন না বলে আশ্বস্ত হয়েছি। এ বিষয়ে ৭ অক্টোবরের পর আমরা বিস্তারিত বলব। জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’
জেলা প্রশাসনের চিঠিতে বলা হয়, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১-কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছিল।
পরবর্তীতে মোহাম্মদ জালাল উদ্দিন জামিনে মুক্তি পাওয়ার পর গত ২৩ আগস্ট চেয়ারম্যান হিসেবে পুনরায় স্বপদে যোগদানের জন্য আবেদন করেন। আবেদনের সঙ্গে মামলার কাগজপত্র ও সংশ্লিষ্ট নথি দাখিল করা হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে সরকারি আইনজীবীর মতামত নেওয়া হয়েছে। আইনজীবীর মতামতে চেয়ারম্যানের পুনরায় স্বপদে যোগদানের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানানো হয়।
এর পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনকে স্বপদে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
চিঠির অনুলিপি স্থানীয় সরকার বিভাগ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com