ব্রেকিং

x

আখাউড়ায় কল্লা শাহ্ মাজারে জুমার নামাজে মুসল্লিদের ঢল

শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ | ১০:১৭ পিএম

আখাউড়ায় কল্লা শাহ্ মাজারে জুমার নামাজে মুসল্লিদের ঢল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুরে কল্লা শহীদ (রহ.) মাজারের বার্ষিক ওরশ উপলক্ষে জুমার নামাজে মুসল্লিদের ঢল নেমেছে। শুক্রবার (১৪ আগস্ট) স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত-আশেকান নামাজে অংশ নেন।


সকাল ১০টা থেকেই মাজার এলাকায় মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। অনেকেই নামাজের জায়গা নিশ্চিত করতে দুই থেকে তিন ঘণ্টা আগেই মাজার প্রাঙ্গণে এসে অবস্থান নেন।


মাজার জামে মসজিদের দুইতলা ভবন মুসল্লিতে পূর্ণ হয়ে গেলে মাজার শরীফের উঠানে নামাজের ব্যবস্থা করা হয়। সেখানেও জায়গা সংকুলান না হওয়ায় মাজারের দুইতলা মার্কেট কাম রেস্ট হাউসের ছাদ, ভিআইপি কক্ষ, ফকিরি আসনসহ আশপাশের বিভিন্ন স্থানে নামাজ আদায় করেন মুসল্লিরা। যে যেখানে জায়গা পেয়েছেন, সেখানেই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

আয়োজকদের ধারণা, এদিন প্রায় ২০ হাজার মানুষ জুমার নামাজ আদায় করেছেন।

জুমার নামাজে ইমামতি করেন মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. লুৎফর রহমান খান খাদেম। নামাজ শেষে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

মাজার শরীফ পরিচালনা কমিটির সদস্য মো. রুস্তম কামরান খাদেম বলেন, ওরশ উপলক্ষে হাজার হাজার ভক্ত-আশেকান মাজারে এসেছেন। শুক্রবার জুমার নামাজে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মসজিদ, মাজার চত্বর ও আশপাশের যেসব স্থানে জায়গা পাওয়া গেছে, সেখানেই মুসল্লিরা নামাজ আদায় করেছেন। প্রায় ২০ হাজার মানুষ নামাজে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, গত ১০ আগস্ট থেকে কল্লা শহীদ (রহ.) মাজারের বার্ষিক ওরশ শুরু হয়েছে। আগামী ১৬ আগস্ট পর্যন্ত ওরশ চলবে। ওরশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই হাজার হাজার ভক্ত-আশেকান খড়মপুর মাজার এলাকায় আসছেন। এতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর ধর্মীয় পরিবেশ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!