ব্রেকিং

x

সহজে ইংরেজি শেখানো ও শিক্ষার্থীদের ভীতি দূর করার উদ্যোগ

আখাউড়ার ৫৪ প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ‘ব্লোমিং ক্লাসরুম’

সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | ১০:৫০ পিএম

আখাউড়ার ৫৪ প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ‘ব্লোমিং ক্লাসরুম’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সহজভাবে ইংরেজি শেখানো ও ইংরেজিভীতি দূর করতে ‘ব্লোমিং ক্লাসরুম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সোমবার পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ব্লোমিং ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্য বিদ্যালয়গুলোতেও এ কার্যক্রম চালু করা হবে।


আয়োজকরা জানান, ‘যেভাবে শিখেছি বাংলা, সেভাবেই শিখব ইংরেজি’—এই স্লোগানকে সামনে রেখে ব্লোমিং ক্লাসরুমের কার্যক্রম শুরু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সহজ ও আনন্দদায়ক পদ্ধতিতে ইংরেজি শেখানোর পাশাপাশি তাদের মধ্যে থাকা ইংরেজিভীতি দূর করার চেষ্টা করা হবে।


সোমবার প্রাথমিকভাবে উপজেলার ৩৫ জন শিক্ষককে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্লোমিং ক্লাসরুম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে এ বিষয়ে মোড়ক উন্মোচন ও অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক অংশ নেন। আগামী দুই দিন প্রায় ১০০ শিক্ষককে নিয়ে আরও কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় ব্লোমিং ক্লাসরুমের সহায়ক হিসেবে এর উদ্যোক্তা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞার লেখা বই ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ শিক্ষকদের মধ্যে দেওয়া হয়।

সোমবার দুপুরে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্লোমিং ক্লাসরুমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহ্ মো. ইলিয়াস উদ্দিন ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন। প্রধান শিক্ষক মৌসুমী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্লোমিং ক্লাসরুমের সার্বিক বিষয় তুলে ধরেন উদ্যোক্তা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা।

নিজের উদ্যোগ সম্পর্কে জহিরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিভীতি রয়েছে। সেই ভীতি দূর করতে এবং সহজ উপায়ে ইংরেজি শেখার জন্য একটি প্রক্রিয়া তৈরি করেছি। এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষকরা যথাযথভাবে এটি ব্যবহার করতে পারলে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠবে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘বই লেখা থেকে শুরু করে এর সব প্রক্রিয়ার বিষয়ে আমি সহকারী শিক্ষা কর্মকর্তাকে উৎসাহ দিয়েছি। এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।’

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন বলেন, ‘আমার মনে হয়, এ ধরনের পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত। বিষয়টি যেন প্রধানমন্ত্রী কিংবা সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে, সে জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, ‘সব শিক্ষার্থীর মধ্যেই ইংরেজিভীতি কাজ করে। কিন্তু ব্লোমিং ক্লাসরুমের মাধ্যমে যেভাবে শেখানো হবে, তা হবে সঠিক ও সহজ উপায়। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!