ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলাসহ বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে গত তিনদিনে মাদকসহ ৮২ লাখ টাকার বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে। দুপুরে গণমাধ্যমকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মো: জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, ১৭ ফেব্রুয়ারী থেকে আজ বুধবার ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত তিনদিন সুলতানপুর ৬০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলাসহ কসবা, শশীদল, কাজিয়াতলী, মাদলা, শংকুচাইল, সালদানদী, খারেরা, বড়জ্বালা সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিজিবি সদস্যরা ১ হাজার ১০২ কেজি চাউল, ৫৩ কেজি কিসমিস, ১ লাখ ৬০ হাজার পিস বাজি, একটি গরু, ৩৩ সেফটি কাঠ, ৩৬০ কেজি চিনি, স্কিন সাইন ক্রিম ৪৫০ পিস, সোফার কাপড় ২৩০ গজ, জিনসিন ২৪০ পিস, বিভিন্ন প্রকারের সিগারেট ৪ হাজার পিস, বিয়ার ২৭ বোতল, হুইস্কি ১৩৫ বোতল ও গাজা ১১০ কেজি জব্দ করেছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলেও তিনি জানান। জব্দকৃত মালামালের মূল্য ধরা হয়েছে ৮২ লাখ এক হাজার ৭৬০ টাকা।
সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির বিশেষ অভিযান অব্যহত রয়েছে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com