বিগত ১৭ বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোট দিতে পারেনি। এবার মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিবে। আজ ২৫ অক্টোবর শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরের রেলওয়ে ষ্টেশন সড়কে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া একথা বলেন। মানুষের কাছে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। তারেক রহমানের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং ধানের শীষের সালাম দিতে নেতাকর্মীদের আহবান জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সেলিম ভূঁইয়া বলেন, দল থেকে যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। কেউ যদি প্রার্থী হয় বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে দলীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবীর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হাজী মোস্তাক মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে কারণে জুলাই-আগষ্ট ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে।
তিনি আরো বলেন, এদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। নির্বাচনের নামে তামাশা হয়েছে। আমি-ডামি নির্বাচন হয়েছে। বিএনপির দাবি ছিল নিরপেক্ষ নির্বাচন। সে অনুযায়ী অন্তবর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। এই নির্বাচনের জন্য বাংলাদেশের মা-বোনেরা, ছাত্র সমাজ অধীর আগ্রহে অপেক্ষ করছে কখন নির্বাচন হবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি এড. ইসমত আরা, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি এড. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com