ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মৌলভীপাড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার ভোরে শহরের মৌলভী পাড়ায় ৬ তলা বিশিষ্ট দেওয়ান প্লাজা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহ ফরহাদ উদ্দিন আহমদ আখাউড়া উপজেলার আজমপুর এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শহরের মৌলভী পাড়ায় ওই ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোর ৪টায় ৯৯৯-এ ফোন পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত কক্ষটি থেকে শাহ ফরহাদ উদ্দিন আহমদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাত প্রায় ৩টায় আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসকে বিলম্বে খবর দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সময় পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপদে বের হলেও কক্ষের ভেতরেই আটকা পড়েন শারীরিকভাবে অসুস্থ শাহ ফরহাদ উদ্দিন আহমদ।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরো বলেন, ফরহাদ উদ্দিনের পারিবারিক বিরোধ ছিল। তাই অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া। তিনি বলেন, ঘটনাটি আসলেই দুর্ঘটনা এ বিষয়ে তদন্ত চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com