ব্রেকিং

x

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | ২:৪৫ পিএম

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

চট্টগ্রামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর এবং বিপুল পরিমাণ সিগারেট লুটের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি হৃদয়কে (২৭) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও এসআরবি-৭-এর যৌথ দল।


এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


গ্রেফতার হৃদয় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার তুলাতুলি বস্তি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মাসুদ। তিনি চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।

এসআরবি-৯ জানায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন কাজীর দেউড়ি এলাকার এসএ পরিবহন অফিস থেকে ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তাঁর ব্যবসায়িক অংশীদারদের বিভিন্ন ব্র্যান্ডের বাংলাদেশি সিগারেট একটি পিকআপে করে রিয়াজ উদ্দিন বাজারের দিকে নেওয়া হচ্ছিল।

পথে লাভলেইন মোড়ের অ্যাপোলো-১১ পেট্রোল পাম্পের পাশে পৌঁছালে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পিকআপটির গতিরোধ করে। এ সময় তারা পিকআপচালক মো. আনোয়ার হোসেনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে চালক ও হেলপারকে হত্যার হুমকিও দেওয়া হয়।

চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে। একপর্যায়ে হেলপার মো. জাহিদ বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়।

পরে চাঁদার টাকা না পেয়ে পিকআপে থাকা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট অন্য একটি অজ্ঞাত গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্তরা।

স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ব্যবসায়ী আমিনুল ইসলাম বাদী হয়ে ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার আসামিদের গ্রেফতারে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং এসআরবি-৭-এর সিপিএসসি, চট্টগ্রামের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে।

এসআরবি-৯-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল সদর ইউনিয়নের তিতাস গ্যাস ফিল্ডের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হৃদয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!