ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ভুয়া টিকিট বিক্রির অভিযোগে ‘কালু’ নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৮৩টি আসনের বিপরীতে ৪০টি ভুয়া টিকিট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকেন্দ্রিক একটি চক্র ভুয়া টিকিট বিক্রি করে যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। কালোবাজারিদের কাছ থেকে বেশি দামে টিকিট কিনে প্রতিদিন অনেক যাত্রী প্রতারণার শিকার হচ্ছিলেন। এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেলওয়ে পুলিশ ও সদর মডেল থানা পুলিশ যৌথভাবে কাজ করছিল।
চক্রটির তিনজন মূল হোতাকে শনাক্ত করার পর তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে জিআরপি। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে চক্রের সদস্য কালুকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহআলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
জিআরপি জানিয়েছে, স্টেশনকেন্দ্রিক এ চক্রের তৎপরতা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। চক্রের বাকি দুই হোতাকেও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে, ভুয়া টিকিটের মাধ্যমে প্রতারণা এড়াতে যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে কালোবাজারিদের কাছ থেকে টিকিট না কেনার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযানে সংশ্লিষ্ট ভূমিকার জন্য রেলওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার আফরোজ জান্নাতকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com