ব্রেকিং

x

কবীর আহমেদ ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ | ৯:৫০ অপরাহ্ণ

কবীর আহমেদ ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আজ ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।


মনোনয়ন বৈধ ঘোষণার পর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক রাজনীতির উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে।”


তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই শোককে আমাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে। তার দেশপ্রেম, গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয়তাবাদী আদর্শ আমাদের পথচলার প্রধান অনুপ্রেরণা।

কসবা–আখাউড়া এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই জনপদের মানুষের সার্বিক উন্নয়ন, সুস্থ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূর করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।

মনোনয়ন বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়লে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট ইসমত আরা সুলতানা, এডভোকেট মোশাররফ মোল্লা, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নির্বাচনী মাঠে বিএনপির প্রচারণা আরো গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!