ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের ঐতিহ্যবাহী খাবার ‘খদর’-এ আস্ত খাসি না থাকায় বিয়ে না করে চলে যাওয়ার ঘটনায় এবার পাল্টা অভিযোগ করেছেন জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া। তার দাবি, আস্ত খাসি না থাকার কারণে নয়, পূর্বনির্ধারিত কাবিনের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করায় বিয়ে ভেঙেছে। একই সঙ্গে তাকে হত্যার হুমকি এবং টাকা দিয়ে ‘ভুয়া সাংবাদিক’ ভাড়া করে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগও করেছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন জুনায়েদ মিয়া।
পোস্টে তিনি বলেন, ‘গতকাল থেকে আমার নামে মিথ্যা অভিযোগ চালানো হচ্ছে। টাকা দিয়ে ভুয়া সাংবাদিক ভাড়া করে এসব করানো হচ্ছে। মূলত বিয়ের আসরে বসে খাওয়া-দাওয়া শেষে মেয়েপক্ষ আমার কাছে পূর্বনির্ধারিত অ্যামাউন্টের চেয়ে ১০ গুণ অতিরিক্ত কাবিন দাবি করে।’
জুনায়েদ মিয়া আরও বলেন, ‘আমি এবং আমার পরিবার তা দিতে অস্বীকার করলে এবং কথা কাটাকাটি-তর্কাতর্কি শুরু হলে তারা আমাদের বিয়ের আসর থেকে বের করে দেয়। পরে আমাদের সব লাগেজ, যা আমরা তাদের মেয়ের জন্য নিয়ে গেছিলাম সেটা ফেরত পাঠায়।’
তিনি অভিযোগ করেন, মেয়ের সঙ্গে তাকে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকি মেয়ে যাতে তার সঙ্গে যোগাযোগ করতে না পারে, সেভাবেই তার বাবা তাকে শাসিয়েছেন।
জুনায়েদের দাবি, রাতে কনেপক্ষ তার সঙ্গে যোগাযোগ করে বিয়ে করতে বললেও তিনি তাতে রাজি হননি। এরপর তাকে ‘জ-বা-ই’ করে ফেলার হুমকি দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, ‘তার পর তারা রাত থেকে টাকা দিয়ে ভাড়া করা সাংবাদিক দিয়ে নিজ খুশি মতো ভুয়া পোস্ট করিয়ে আমার সম্মানহানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা এগুলাতে বিচলিত হবেন না সেই আশা করছি। ধন্যবাদ।’
তবে জুনায়েদ মিয়ার এসব অভিযোগের বিষয়ে কনেপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে সোমবার (১৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে বিয়ে না করেই অনুষ্ঠান থেকে চলে যান বর জুনায়েদ মিয়া। ওই ঘটনায় কনেপক্ষের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিয়ের ঐতিহ্যবাহী খাবার ‘খদর’-এ আস্ত খাসি না থাকায় বর বিয়ে না করে চলে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com