ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ চার মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৮ আগষ্ট) বিকাল ৩টার দিকে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন বৃহস্পতিবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আখাউড়া পৌরসভার রেলওয়ে সুইপার কলোনীর রাস্তায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১৫৪ লিটার চোলাই মদসহ মো: ইব্রাহীম (৩০), রাজন হরিজন (৬৫), সাগর হরিজন (৪০) ও সীমান্ত হরিজন (১৯) নামে চার চোলাই মদ ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকালে গ্রেপ্তারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আখাউড়া উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের সাথে জড়িত কেউ পুলিশের হাত থেকে রক্ষা পাবেনা বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com