ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হলে এর ভেতর থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর গ্রামের মৃত সোহেল মিয়ার ছেলে সুজন মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের কাজী ইদ্রিস মিয়ার ছেলে কাজী রাব্বি। তারা বর্তমানে নবীনগর উপজেলার মাঝিয়ারা এলাকায় বসবাস করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইংয়ের ১০ আগস্ট প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা ইয়াবা ও অটোরিকশাটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com