ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ফ্যানের সাথে ফাঁস দেওয়া অবস্থায় মো. ইয়াসিন মিয়া নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২০ অক্টোবর সোমবার দুপুরে আখাউড়া থানা পুলিশ শহরের মসজিদ পাড়ার জাহের মিয়ার ভাড়াটিয়া মো. লুৎফুর মিয়ার টিনশেডের ঘর থেকে মরদেহ উদ্ধার করেন। এর আগে রবিবার গভীর রাতের কোনো এক সময় ফাঁস দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।
ইয়াসিন মিয়া (১৭) লুৎফুর রহমানের ছেলে। প্রেম সংক্রান্ত বিষয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
মৃতের মা হেনা বেগম বলেন, এক মেয়ের সাথে ইয়াসিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ে আমার ছেলের কাছে বিয়ের জন্য মোটা অঙ্কের টাকা কাবিন চেয়েছিল। আমার ছেলে বেকার সে এত টাকা কোত্থেকে দেবে। এসব কারণে সে মানসিক যন্ত্রণায় ছিল। গতরাতে সে আলাদা ঘরে ছিল। গভীর রাত পর্যন্ত তাকে ফোনে কথা বলতে দেখেছি। সকালে তার রুমে গিয়ে দেখি ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো আমার ছেলের মৃতদেহ।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে মনোমালিন্য থেকে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com