ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকালে আখাউড়া পৌরসভার দেবগ্রাম উত্তর মাস্টারপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পলি ওই এলাকার অটোরিকশাচালক হেলাল মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে পলি নিখোঁজ ছিল। এ ঘটনায় তার বাবা আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রবিবার সকালে বাড়ির কাছের একটি জমির পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা হেলাল মিয়া অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার দাবি, যে স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে আগেও একাধিকবার খোঁজ করা হলেও কিছু পাওয়া যায়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com