ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চালককে ছুরিকাঘাত করে অটোরিক্সা ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেফতার হয়েছে এক ছিনতাইকারী। শনিবার রাতে উপজেলার দ্বিজয়পুর এলাকায় এই ঘটনা ঘটে। আজ রোববার বিকালে আখাউড়া থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনিবার রাত ৮টায় আখাউড়া পৌরসভার সড়ক বাজার থেকে গাজীর বাজারগামী একটি অটোরিক্সা দ্বিজয়পুর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। যাত্রীবেশে সুজন মিয়া (২৫) নামে এক ছিনতাইকারীসহ তার সঙ্গী ছুরি ও কেচি দিয়ে অটোরিক্সার চালক মো: আকাশ সাগরের উপর হামলা করে। ছুরিকাঘাত করে চালককে রক্তাক্ত জখম করে অটোরিক্সা ছিনতাই করে নেয়ার সময় স্থানীয় জনগণ ঘিরে ধরে। পরে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে জনগণের সহায়তায় ছিনতাইকারী সুজন মিয়াকে গ্রেফতার করে, ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করে তবে অন্য ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারী সুজন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোর্কনঘাট গ্রামের ছাত্তার মিয়ার পুত্র। এ ঘটনায় আজ রোববার আখাউড়া থানায় অটো চালক আকাশ সাগর বাদী হয়ে একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেছে।
এদিকে একই দিনে মো: জাহের মিয়া ও শেখ বাহার উদ্দিন উজ্জল নামে দুইজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ প্রতিরোধে আখাউড়া থানা পুলিশ তৎপর রয়েছে। অপরাধী যেই হোক তাকে আইনের আওয়াতায় আনা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com