আখাউড়ায় ‘জননী ট্রেডার্স’ নামে একটি তুলার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে তুলার ফ্যাক্টরি ও একটি কনফেকশনারি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ইসমাইল মিয়া। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
কারখানার শ্রমিক মো. মাঈনুদ্দিন জানান, কাজ চলাকালে হঠাৎ বিদ্যুতের মিটারে আগুন ধরে যায়। কারখানা ও গুদামে প্রায় ৪০ বস্তা তুলা মজুত ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং মেশিনসহ সবকিছু পুড়ে যায়। প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফ্যাক্টরির মালিক মো. ইসমাইল মিয়া বলেন, শ্রমিকরা কাজ করার সময় বিদ্যুতের মিটারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে কারখানার তিনটি মেশিন, বিদ্যুতের তার ও মিটার, বিপুল পরিমাণ তুলা এবং আমার ছেলের একটি কনফেকশনারি দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আখাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. নান্নু মিয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তুলার মেশিনগুলো বিদ্যুৎ চালিত হওয়ায় দীর্ঘ সময় ব্যবহারের কারণে অতিরিক্ত লোড সৃষ্টি হয়ে মিটারে স্পার্ক থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com