ব্রেকিং

x

আখাউড়ায় মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা দুর্ঘটনা, আহত ৭

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | ১১:৫৪ পিএম

আখাউড়ায় মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা দুর্ঘটনা, আহত ৭

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আজ ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আখাউড়া উপজেলার কুমারপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী অটোরিকশা আখাউড়া থেকে চিনাইরের দিকে যাচ্ছিল। পথে কুমারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী আহত হন। সংঘর্ষের ফলে অটোরিকশার গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের সবার পরিচয় জানা যায়নি।

আহত যাত্রী কাজী সাইফ বলেন, “আমি আখাউড়া থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলাম। পথে দুর্ঘটনার সময় আমার পায়ে আঘাত লাগে। এছাড়া চালকের মাথায়ও গুরুতর আঘাত লেগেছে।”

স্থানীয়দের অভিযোগ, আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!