আখাউড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে এক লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিক্সার চালকসহ আরো চারজন আহত হয়েছেন।
২৯ মার্চ রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবল চন্দ্র দাস পৌর এলাকার দুর্গাপুরের বাসিন্দা এবং শহরের সড়ক বাজার এলাকায় তার একটি লন্ড্রি দোকান ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় কাজ শেষে ট্রেনে করে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল দাস। সেখান থেকে অটোরিক্সায় বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা দিলে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
নিহতের ভাই বিমল দাস জানান, গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার ভাইয়ের মৃত্যু হয়। আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৩৮০১) জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com