বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক বাংলাদেশি—এমন মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। তিনি বলেন, দেশকে ভালোবাসতেন বলেই বেগম খালেদা জিয়াকে কখনো দেশ ত্যাগ করতে হয়নি। তিনি কখনো বলেননি যে দেশ ছেড়ে যাবেন। তিনি দেশেই ছিলেন। আর যারা দেশ নিয়ে খেলামেলা করেছে, তারা আজ দেশে নেই—এটাই আল্লাহর মেহেরবানী।
মুশফিকুর রহমান বলেন, খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা সবাই দেখেছে। তাঁর জানাজায় মানুষের ঢল নেমেছিল। বাংলাদেশে ঘরে ঘরে খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে।
আজ ২০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি-নুরপুর বাজারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ ও নীতি ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান “সবার আগে বাংলাদেশ” স্লোগান দিয়েছেন। এই স্লোগানের অর্থ হলো—এ দেশে সবাই বাংলাদেশি। এখানে কোনো বৈষম্য নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—সবাই এক। এখানে কোনো বিভেদ নেই।
তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।
দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করা স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আলী, ঢাকা ওয়াসা সিবিএ’র সদস্য কামাল উদ্দিন এবং ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হুমায়ুন কবীর জীবন।
দোয়া পরিচালনা করেন মুফতি ইমন রেজা হানাফী।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com