ব্রেকিং

x

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত, যাত্রা বাতিল

শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ | ৯:১৮ অপরাহ্ণ

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত, যাত্রা বাতিল

ঢাকা-আখাউড়া-ঢাকা পথে চলাচলকারি তিতাস কমিউটার ট্রেন বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির দু’টি বগির চাকা লাইন থেকে সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগে যায়। যে কারণে আখাউড়া-ঢাকা (৩৩নং আপ) ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া (৩৪ নং ডাউন) পথে দু’টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে।


খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে ৩৬নং ডাউন তিতাস কমিউটার ট্রেন আখাউড়ায় আসার পর সান্টিং করা হচ্ছিলো। রাত সোয়া ১২টার দিকে ট্রেনটির দু’টি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। আখাউড়া লোকেশেডে দায়িত্বরতরা তাৎক্ষনিকভাবে উদ্ধার কাজ শুরু করে। তবে বিভিন্ন সমস্যায় স্বাভাবিক উদ্ধার কাজ করা যাচ্ছিলো না। শেষ পর্যন্ত ভোর পৌণে ছয়টার দিকে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়। তবে ভোর পাঁচটায় আখাউড়া থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটির যাত্রা বাতিল করা হয়। একইসঙ্গে ঢাকা থেকে সাড়ে নয়টায় ছেড়ে আসা ট্রেনের যাত্রাও বাতিল করা হয়। বেলা সোয়া একটায় ট্রেনটি ৩৫ নং তিতাস কমিউটার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।


আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ট্রেনটি এমন জায়গায় দুর্ঘটনায় পড়ে যেখানে রিলিফ ট্রেন নিয়ে যাওয়ার মতো লাইন ছিলো না। যে কারণে বিকল্প পদ্ধতিতে উদ্ধার করতে গিয়ে বেশ সময় লেগে যায়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!