আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ ব্যয় বাড়ানো হয়েছে। এই ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণে ব্যয় ৯ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৫৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন হয়।
রেলপথ মন্ত্রণালয় ‘আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)’ প্রকল্পের একটি প্যাকেজের পূর্ত কাজের দ্বিতীয় সংশোধিত প্রস্তাব (ভেরিয়েশন) উপস্থাপন করলে কমিটি তাতে অনুমোদন দেয়।
২০১৮ সালের ১১ এপ্রিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনে টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে ‘আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)’ প্রকল্পের প্যাকেজ ডব্লিউডি ১-এর পূর্ত কাজের জন্য ২৪০ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৫০১ টাকায় চুক্তি হয়। পরে প্রথম সংশোধনে চুক্তিমূল্য কমিয়ে ২২৬ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার ৫৩৮ টাকা নির্ধারণ করা হয়। তবে দ্বিতীয় সংশোধনে ১৫টি নতুন (নন-শিডিউল) আইটেম যুক্ত হওয়ায় অতিরিক্ত ৯ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৫৩ টাকা ব্যয় বাড়ানোর প্রয়োজন পড়ে। সে অনুযায়ী ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০১৬ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি হয়েছে ৯৯ দশমিক ৫০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি হয়েছে ৮০ দশমিক ৫০ শতাংশ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com