ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন জন ডাকাত গ্রেফতার হয়েছে। শনিবার দিবাগত রাত ১টায় উপজেলার মনিয়ন্ধ এলাকায় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। আজ রোববার দুপুরে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে আখাউড়া-কসবা সড়কের মনিয়ন্ধ জয়পুর এলাকায় পুলিশ ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির সময় হাতেনাতে আরজু মিয়া (২৮), মো: কাউছার মৃধা (৩৫) ও মো: খলিল মিয়া (২১) নামে তিনজন ডাকাত সদস্যকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাতরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের নিকট থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে একটি লোহার চাপাতি, একটি রামদা, একটি ছোরা, কাঠের হাতলযুক্ত একটি চাকু ও দুইটি লোহার পাইপ। এসব দেশীয় অস্ত্র হাতে সড়কে ডাকাতি করতে প্রস্তুতি গ্রহন করেছিল তারা।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ডাকাতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com