ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আবারও অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে মিজানুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফয়সল উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিনের নেতৃত্বে প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে ফসলি জমি খনন করে ইট ভাটায় সরবরাহের অভিযোগে ১টি ট্রাক জব্দ করে প্রশাসন। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় ভ্রাম্যমান আদালত পরিচালান করে ট্রাকের মালিক মো: মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড প্রাপ্ত মিজানুর রহমান উপজেলার ধরখার গ্রামের মৃত মির মানিকের পুত্র।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, কেউ আইন অমান্য করে কৃষি জমি থেকে মাটি কাটার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com