ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কামাল হোসেন (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে সালমান (২১) নামে আরেক যুবক। আজ রোববার উপজেলার আমোদাবাদ গ্রামের একটি স্কুল ভবনে কাজ করার সময় এই বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে। নিহত কামাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ও আহত সালমান একই উপজেলার কামালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ১০টার দিকে উপজেলার আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদে রাজ শ্রমিকের কাজ করছিল কামাল ও সালমান। এই সময় অসাবধানতায় একটি লোহার রড বৈদ্যুতিক তারে লেগে ওরা বিদ্যুৎপৃষ্ট হয়। পরে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন ও আশঙ্কাজনক অবস্থায় সালমানকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি প্রাথমিকভাবে সামনে এসেছে। ময়না তদন্তের জন্য কামালের লাশ ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com