ব্রেকিং

x

আখাউড়ায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ | ৩:২১ অপরাহ্ণ

আখাউড়ায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়ঘড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগমের অপসারণ দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওই শিক্ষকের দ্রæত অপসারণ দাবিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নান্নু মিয়া, সাবেক ইউপি সদস্য মো. আনু মিয়া, মো. মোরশেদ আলম, শহিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আবুল বাশার, সাবেক ছাত্র হান্নান মিয়া, শিমুল মিয়া প্রমুখ।


এ সময় অভিযোগ করা হয়, শিক্ষক সেলিনা বেগম বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোবারক হোসেনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। মানসিক চাপে গত ১০ জুলাই মোবারক হোসেন মারা যান। ওই শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে রূঢ় আচরণ করেন। ৫ জুলাই সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের  দায়িত্ব থেকে এবং সহকারি শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু তিনি সংশ্লিষ্টদের আদেশ থাকার কথা বলে আবার বিদ্যালয়ে যোগ দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এলাকার মানুষ সেটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ওনি বিদ্যালয়ে গেলে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে সেলিনা বেগম শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করছেন। তিনি জানান, বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা থাকা সত্বেও তাকে বিদ্যালয়ে যোগ দিতে দেওয়া হচ্ছে না।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!