আখাউড়ায় বিস্ফোরক আইনে আওয়ামীলীগ নেতা মো: লুৎফুর রহমান (৪৮) এবং এক হাজার পিস ইয়াবাসহ নাসিমা বেগম (৪৮) ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আল আমীন (৩০)কে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার ২৪ ঘন্টায় আখাউড়া থানা পুলিশ অপরাধ বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছে। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ আব্দুল হাসিম এই তথ্য নিশ্চিত করেন।
আজ রোববার উপজেলার মোগড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মো: লুৎফুর রহমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃত লুৎফুর রহমান দুর্নীতি ও হত্যায় অভিযুক্ত ভারতে পলাতক সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাকজিল খলিফা কাজলের ঘনিষ্ঠ সহচর ছিলেন। বিগত আওয়ামীলীগ সরকার আমলে ট্রাক ভর্তি রড ছিনতায়ের ঘটনাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল এই লুৎফুর রহমান। তার গ্রেফতারে স্থানীয় লোকজনের মধ্যে স্বস্তি ফিরেছে। গ্রেফতারকৃত লুৎফুর মনিয়ন্দ উপজেলার তুলাইশিমুল গ্রামের কাদের ভুইয়ার পুত্র।
এদিকে রোববার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মনিয়ন্দ মিনারকোট এলাকায় অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবাসহ নাসিমা বেগম নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নাসিমা মিনারকোট গ্রামের আনিস খার স্ত্রী। একই দিনে আখাউড়া উত্তর ইউনিয়নের করোয়াতলী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতারী পুরোয়াভুক্ত আসামী আল আমিনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আল আমিন করুয়াতলী গ্রামের ছোট্ট মিয়ার ছেলে।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ আব্দুল হাসিম জানায়, গ্রেফতারকৃত অপরাধীদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com