ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিফলেট বিতরণ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। আজ সোমবার সকাল থেকে আখাউড়া পৌর শহরে লিফলেট বিতরণ শুরু করে ছাত্ররা।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ ও সড়ক বাজার এলাকায় লিফলেট বিতরনের সময় উপস্থিত ছিলেন আসিফ নেওয়াজ,জাহিদুল ইসলাম,আমজাদ ভুইয়া,আতিক তুষার,শাউন ও নিশাদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মী। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরীর জন্য এই লিফলেট বিতরণ করা হচ্ছে। ৭টি বিষয় ঘোষণাপত্রে যুক্ত করার দাবী জানানো হয়েছে এই লিফলেটে।
দাবী গুলো মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনা মূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করা; ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করা; অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা; ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা; ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা; নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি রাখা এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com