ব্রেকিং

x

আখাউড়ায় পুলিশের উপর হামলা, তাহেরীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ | ৭:১০ অপরাহ্ণ

আখাউড়ায় পুলিশের উপর হামলা, তাহেরীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
আত তাহেরী ছবি-অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় বিতর্কিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরিসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার তাহেরীর উস্কানিতে পুলিশের উপর এই হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই মামলায় শুক্রবার রাতেই তিনজন তাহেরী ভক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার নিলাখাদ গ্রামের সোনা মওয়ার ছেলে হানিফ মিয়া (৬০), মোগড়ার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানী শিবলী (৫০) ও একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন (২১)। ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


পুলিশের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার বিকেলে নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিলো। বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা এ মাহফিলে বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী স্টেজে বসে উস্কানি মূলক বক্তব্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিলো। খবর পেয়ে মোগড়া ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এস.আই আবির আহমেদ ও এসআই মো. বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা পৌণে চারটার দিকে সেখানে যায়। পুলিশ দেখা মাত্র গিয়াস উদ্দিন আত তাহেরী  পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে। এ সময় তিনি বলতে থাকেন যে, ‘আমার সকল মাহফিলে পুলিশ বাঁধা দেয়, এই যে এখন আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না।’ এরপরই লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের উপর আক্রমন করা হয়। এতে এস আই বাবুল আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ছমি উদ্দিন জানান, শুক্রবার রাতেই পুলিশের বিশেষ অভিযানে ওয়াজ মাহফিলের আয়োজকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!