ব্রেকিং

x

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পাকা আমন ধান কাটতে বিপাকে কৃষক

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৬:৩৮ পিএম

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পাকা আমন ধান কাটতে বিপাকে কৃষক

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় মাঠজুড়ে শোভা পাচ্ছে কাঁচা-পাকা আমন ধান। কোথাও চলছে ধান কাটা ও মাড়াই, কোথাও আবার ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। এ মৌসুমে জমিতে ভালো ফলন হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। তবে গত দুদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সেই আনন্দে ভাটা পড়েছে। পাকা ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে এখন বিপাকে পড়েছেন তারা।


স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে জমিতে থাকা আগাম জাতের পাকা আমন ধান কাটতে পারছেন না অনেক কৃষক। ইতোমধ্যে যারা ধান কেটেছেন, তারাও মাড়াই ও শুকানোর কাজে সমস্যায় পড়েছেন। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে ধানের ক্ষতির আশঙ্কা করছেন তারা।


আখাউড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আখাউড়ায় প্রায় ৪ হাজার ৪১০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে ব্রি-৫২, ৭৫, ৮৫, ৮৭, ৯৩, ৯৫, ৯৬, ৯৭, ১০৩ ও বিআর-২৩সহ বিভিন্ন উন্নত ফলনশীল জাতের ধান আবাদ করা হয়েছে। ধান চাষে কৃষকদের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার প্রণোদনা দেওয়া হয়েছে।

সরেজমিনে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, মাঠের পর মাঠ কাঁচা-পাকা আমন ধানে ভরে আছে। কোথাও ধান কাটছেন কৃষক, কোথাও কাটার অপেক্ষায় রয়েছে ধান। মৌসুমের শুরু থেকে নানা প্রতিকূলতা মোকাবিলা করে ভালো ফলনের সম্ভাবনা তৈরি হলেও বৃষ্টিতে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকে।

কৃষক রমজান আলী বলেন, এ বছর কৃষি অফিসের সহায়তায় ৪ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন তিনি। ইতোমধ্যে ২ বিঘা জমির ধান কাটা হয়েছে। এর মধ্যে এক বিঘার ধান মাড়াই শেষ হলেও বৃষ্টির কারণে অন্য বিঘার ধান মাড়াই করা যাচ্ছে না। রোদ না থাকায় মাড়াই করা ধানও শুকানো সম্ভব হচ্ছে না। বাড়িতে শ্রমিক থাকলেও বৃষ্টির কারণে কাজ করতে না পেরে অলস সময় কাটাচ্ছেন তারা। এ অবস্থা আরও কয়েক দিন চললে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

কৃষক খোরশেদ আলম বলেন, ৪ বিঘা জমিতে এ মৌসুমে আমন ধান চাষ করেছেন। ইতোমধ্যে দেড় বিঘার ধান কাটা হয়েছে। বাকি জমির ধান আগামী সপ্তাহে কাটার পরিকল্পনা রয়েছে। ফলন ভালো হলেও বৈরী আবহাওয়ায় বাতাসে জমির ধান হেলে পড়ার আশঙ্কা করছেন তিনি।
আরেক কৃষক বলেন, জমির ধান পেকে গেছে। কিন্তু বৃষ্টির কারণে জমির ধান কাটতে পারছেন না। আবহাওয়া এমন থাকলে কয়েক দিনের মধ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হবে না। কৃষি বিভাগ সার্বিকভাবে খোঁজখবর রাখছে। আশা করা হচ্ছে, দুয়েক দিনের মধ্যে আকাশের অবস্থা ভালো হয়ে যাবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!