ব্রেকিং

x

মেধা ও যোগ্যতা প্রমাণের স্বপ্ন নিয়ে খুদে শিক্ষার্থীরা পরীক্ষার হলে

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৬:২৪ পিএম

মেধা ও যোগ্যতা প্রমাণের স্বপ্ন নিয়ে খুদে শিক্ষার্থীরা পরীক্ষার হলে

কেউ এসেছে মায়ের হাত ধরে, কেউ বাবার সঙ্গে, আবার কেউ ভাই কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। নির্ধারিত সময়ে প্রশ্নপত্র হাতে পেয়েই মনোযোগ দিয়ে উত্তর লিখতে শুরু করেছে খুদে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার দেখা যায় এমন দৃশ্য।


নিজেদের মেধা ও যোগ্যতা প্রমাণের স্বপ্ন নিয়ে পরীক্ষার হলে বসেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। বয়সে ছোট হলেও তাদের স্বপ্ন ও প্রত্যাশার পরিধি অনেক বড়।


শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যে সোমবার শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা। আখাউড়া পৌর শহরের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষা শুরু হয়।

পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি দেখা যায়। সন্তানকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষা করছেন অনেক অভিভাবক। কারও চোখে সন্তানের ভালো ফলের প্রত্যাশা, আবার কারও মনে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন।

খুদে শিক্ষার্থীদের কাছে এ পরীক্ষা শুধু ভালো ফল অর্জনের প্রতিযোগিতা নয়, বরং নিজেদের যোগ্যতা যাচাই ও ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। দীর্ঘদিনের প্রস্তুতি ও অনুশীলনের পর পরীক্ষার হলে বসে নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করছে তারা। আনন্দ ও উৎসাহের পাশাপাশি কারও কারও মধ্যে রয়েছে কিছুটা ভয় ও উৎকণ্ঠা। তবে শিক্ষকদের উৎসাহ ও অভিভাবকদের অনুপ্রেরণা তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।

শিক্ষাবিদদের মতে, বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য শুধু মেধার স্বীকৃতি দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে অধ্যবসায়, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা। এ ধরনের আয়োজন ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণে পরিশ্রমী হতে উৎসাহিত করে।

আয়োজক সূত্রে জানা যায়, আখাউড়া উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৭টি কিন্ডারগার্টেন রয়েছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিতসহ মোট চারটি বিষয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে।

অভিভাবক মো. হুমায়ুন রহমান নয়ন বলেন, বৃত্তি অর্জনই এ পরীক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা ও নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হয়। ছোটবেলা থেকেই এ ধরনের ইতিবাচক প্রতিযোগিতায় অংশগ্রহণ ভবিষ্যৎ শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কেন্দ্রের পরীক্ষার পরিবেশও খুব ভালো।

তিনি আরও বলেন, পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি শিশুদের শেখার আনন্দ ও মানসিক বিকাশকে গুরুত্ব দেওয়া জরুরি। বৃত্তি পাওয়া বা না পাওয়ার চেয়ে অংশগ্রহণের অভিজ্ঞতা এবং নিজেদের মেধা যাচাইয়ের সুযোগই শিশুদের জন্য বড় অর্জন।

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, আখাউড়া উপজেলার সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৭টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা-ভীতি দূর হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং মেধার বিকাশ ঘটে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!