ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন বক্সের ভেতরে পৌঁছাতে না পারায় সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। ফলে স্বাভাবিক রয়েছে রেল চলাচল।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় ডাউন লাইনের একটি জেবি বক্সে এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে দুবলা এলাকায় ডাউন লাইনের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন বক্সের ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে আগুন জ্বলতে দেখা না গেলেও সিগন্যালিং বক্সটি পোড়া অবস্থায় পাওয়া যায়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com