ব্রেকিং

x

ডিসেম্বর সামনে রেখে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জোরদার নজরদারি

রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭:৫২ পিএম

ডিসেম্বর সামনে রেখে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জোরদার নজরদারি

ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ ও বিতর্কিত ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ ঠেকানোর পাশাপাশি বাংলাদেশ থেকে অবৈধভাবে অন্য দেশে যাতায়াত বন্ধেও বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।


রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে এসব কথা জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।


তিনি বলেন, ‘ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ যেন অন্য দেশে যেতে না পারে, তা ঠেকাতেও কাজ করছে বিজিবি।’

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। পরে তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধেও কাজ করছে বাহিনীটি। বিশেষ করে পুশ-ইন ঠেকানো, মাদক পাচার বন্ধ এবং সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ প্রতিরোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘সীমান্ত পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে আমি ফেনী, কুমিল্লা ও আখাউড়া পরিদর্শনে এসেছি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।’

সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!