ব্রেকিং

x

আখাউড়ায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীর মেধা বৃত্তি পরীক্ষা শুরু

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ৬:৪০ পিএম

আখাউড়ায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীর মেধা বৃত্তি পরীক্ষা শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধার বিকাশ ও পরীক্ষা ভীতি দূর করার লক্ষ্যে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধা যাচাই (বৃত্তি) পরীক্ষা শুরু হয়েছে। উপজেলার ১৫টি কিন্ডারগার্টেনের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৪০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।


শুক্রবার (২০ নভেম্বর) কিন্ডারগার্টেন ইউনিটি অব আখাউড়ার উদ্যোগে আখাউড়া রেলওয়ে সরকারি স্কুলে পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। শনিবার পরীক্ষার শেষ দিন।


আয়োজক সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, গণিত, সাধারণ জ্ঞান ও ইংরেজি বিষয়ে মোট ৩০০ নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে। আর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ছয়টি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, ছোট্ট শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। তাঁরা মনে করছেন, এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক।

দিগন্ত কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক আহসান কবির লিটন বলেন, পরীক্ষার মান ও পরিবেশ খুবই সন্তোষজনক। গত সাত বছর ধরে তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।

কিন্ডারগার্টেন ইউনিটি অব আখাউড়ার পরীক্ষা নিয়ন্ত্রক ও অংকুর কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক শফিকুল আলম তুরান বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং মেধার বিকাশ ঘটে। সর্বোপরি, এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।

এ সময় শিক্ষক আসাদুজ্জামান খোকন, আস সাদিক ভূইয়া গালিব, আহসান কবির লিটন ও কাজী ওবায়দুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!