ব্রেকিং

x

হাডুডু খেলাকে কেন্দ্র করে নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

রবিবার, ০২ অগাস্ট ২০২৬ | ৯:৩০ পিএম

হাডুডু খেলাকে কেন্দ্র করে নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাডুডু (কাবাডি) খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


শনিবার (১ আগস্ট) মাগরিবের নামাজের আগে উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সালাম বাজার সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাঠে নাসিরনগর উপজেলার ধরমন্ডল কাবাডি দল ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের কাবাডি দলের মধ্যে একটি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষ পর্যায়ে ধরমন্ডল দল ৪-০ পয়েন্টে শিমুলঘর দলকে পরাজিত করে।

অভিযোগ রয়েছে, পরাজয়ের পর শিমুলঘর দলের কয়েকজন খেলোয়াড় ও সমর্থক ধরমন্ডল দলের এক খেলোয়াড়কে আটকের চেষ্টা করেন। এতে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!