ব্রেকিং

x

বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ৮:৩০ পিএম

বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ১১ হাজার ৮৯০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার (২ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলদল এসব অভিযান পরিচালনা করে।


বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় অভিযান চালানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, কসবা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন ভারতীয় আতশবাজি, সিল্ক, জর্জেট, সুতি ও কাতান শাড়ি, গরু, বাসমতি চাল, বিভিন্ন ধরনের লোশন, ডেরোবিন ক্রিম, জনসন বেবি ক্রিম, ফুসকা, সেভেন অয়েল, শ্যাম্পু, মিল্ক রাইস ক্রিম ও সাবান জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ১১ হাজার ৮৯০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান দমনে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানায় বিজিবি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!