ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

শনিবার, ২৫ জুলাই ২০২৬ | ২:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫১ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।


শনিবার (২৫ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, ফুসকা, বিভিন্ন ধরনের চকলেট, গরু, বাজি, শাড়ি, নবরত্ন তেল, ইমামী সেভেন অয়েল, ভ্যাসমল, স্কিন সাইন ক্রিম ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ৫১,২৭,৪০০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!