ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা, একটি সিএনজি অটোরিকশা, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজার এলাকায় সুলতানপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে জুয়েল ইলেকট্রনিকস নামীয় ওয়ালটন শোরুমের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কসবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিশারা বাড়ি এলাকার শিরিন আক্তার ওরফে সাদিয়া (৪০), রহমত আলী (৬৫) এবং একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার আলাউদ্দিন ওরফে অলি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, একটি সিএনজি অটোরিকশা, দুটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আটক তিন আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com