ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরজান মিয়া (১৯) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকার মামুন মার্কেটের দক্ষিণ পাশে একটি ঝোঁপঝাড় থেকে হাত ও মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরজান মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন আরজান। সোমবার সকালে পরিবারের সদস্যরা লাখাই থানায় গিয়ে তাঁর নিখোঁজের বিষয়টি জানান। পরে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা নাসিরনগরে এসে মরদেহটি আরজানের বলে শনাক্ত করেন।
নিহতের বাবা আব্দুল আউয়াল জানান, প্রতিদিনের মতো রোববার সকাল ৯টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আরজান। সর্বশেষ রাত ৮টার দিকে ছেলের সঙ্গে তাঁর ফোনে কথা হয়। এরপর রাত ৯টার পর থেকে আরজানের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
নাসিরনগর থানা পুলিশ জানায়, দুপুরে স্থানীয় পথচারীরা ঝোঁপঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা কাজ করছেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কীভাবে আরজানের মরদেহ নাসিরনগরের ওই স্থানে এলো, কারা তাঁকে সেখানে নিয়ে এসেছে এবং কী কারণে তাঁর মৃত্যু হয়েছে—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পিবিআই ও ডিবি পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com