ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২০ মে বুধবার বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে আলী মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গলানিয়া গ্রামের মমসার (১৮), উত্তর গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫) ও হৃদয় মিয়া (১৫), এবং ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় প্রথমে একজন ভেতরে নামেন। পরে একে একে আরো কয়েকজন নামলে ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসে তারা অচেতন হয়ে পড়েন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত মমসার পেশায় পাইপ ফিটার ছিলেন। পরিবারের সদস্যরা জানান, অল্প কিছুদিনের মধ্যেই তার বিদেশ যাওয়ার কথা ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। তবে তদন্ত ও প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।”
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com