ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সফিকুল আলম ওরফে ভাসানী (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর এলাকায় কোড্ডা রেলক্রসিংয়ের পূর্ব পাশে খাদেম ফিসারীজ পুকুরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশে এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলামের সার্বিক নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) পুষন সাহা সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এ সময় আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী পাকা সড়কের ওপর সন্দেহজনক অবস্থায় থাকা সফিকুল আলম ওরফে ভাসানীকে আটক করা হয়।
পরে তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সফিকুল আলম ওরফে ভাসানী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া কুশার বাড়ি এলাকার মৃত আব্দুল হামিদ ও মৃত জয়নব বানুর ছেলে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে আখাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক পরিবহন, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com