ব্রেকিং

x

সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মা-মেয়ে নিহত, বাবা আহত

শনিবার, ১৬ মে ২০২৬ | ১০:১৭ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মা-মেয়ে নিহত, বাবা আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার এক মা ও তার কন্যাশিশু। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিশুটির বাবা মীর জাকারিয়া হোসেন নয়ন।


আজ ১৫ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা তারিন (২৮) ও তার ছোট্ট কন্যাশিশু।

গুরুতর আহত মীর জাকারিয়া হোসেন নয়ন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের প্রকৌশলী দফতরের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটির দিনে স্ত্রী ও সন্তানকে নিয়ে চট্টগ্রামের ডিসি পার্ক এলাকায় ঘুরতে গিয়েছিলেন নয়ন। রাতে মোটরসাইকেলে করে নগরীর লালখান বাজার এলাকায় ফেরার পথে ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের কন্যাশিশু চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়।

এসময় সন্তানকে বাঁচাতে দ্রুত মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে যান তার মা তারিন। ঠিক তখনই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান মা ও শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ও বাবা আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মা ও শিশুটির মৃত্যু হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি শুনেছি। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি বিস্তারিত খোঁজ নিয়ে পরবর্তী তথ্য জানানো হবে।

মর্মান্তিক এ ঘটনায় বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!