ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই শিশুর লুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে হামদু মিয়ার ছেলে নীরব (১১) ও একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) লুডু খেলাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথা ফেটে যায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার জের ধরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলার একপর্যায়ে হামদু মিয়া বুকে বল্লমের আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার ছেলে হাসান (৮) গুরুতর আহত হয়।
সংঘর্ষে প্রতিপক্ষের লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া ও ইসলাম মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, দুই শিশুর লুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হামদু মিয়া পাইকপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com